সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) দেশটির দক্ষিণ কোরদোফান রাজ্যের আবেই অঞ্চলে কাদুগলিতে অবস্থিত শান্তিরক্ষী বাহিনীর একটি ক্যাম্প লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও আটজন গুরুতর আহত হন।
নিহত শান্তিরক্ষীরা হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
আহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামানসহ বাংলাদেশ সেনাবাহিনীর আরও সাতজন সদস্য। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে সুদানে চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর কেউ এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
এই ঘটনায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
