নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জাফলং থেকে লুট হওয়া প্রায় ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জৈন্তাপুরের আসামপাড়া এলাকায় বিশেষ অভিযানে এসব পাথর উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের ঘটনা ঘটে, যা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি পরে হাইকোর্টে রিট আকারে ওঠে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি সিলেটের টহল টিম, সাদা পোশাকের সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের সহায়তায় আসামপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাফলং থেকে লুট হওয়া পাথরের মজুদ উদ্ধার করা হয়।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত পাথর ট্রাকে করে জাফলং নদীতে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।
