মৌলভীবাজারের জুড়ীতে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মানিব্যাগ তুলতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁকে খুঁজতে গিয়ে তার ছোট ভাইও ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ডোমাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল আহমদ (২৭)। তিনি ডোমাবাড়ি এলাকার মজম্মিল আলীর ছেলে ও পেশায় দিনমজুর ছিলেন। আহত হয়েছেন তাঁর ছোট ভাই ইমন আহমদ (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে টয়লেটে যান সোহেল। তাঁর কোমরে লুঙ্গিতে গুঁজে রাখা মানিব্যাগ কমোডের ফাঁক দিয়ে সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে মানিব্যাগটি তুলতে ট্যাংকে নামেন তিনি। অনেকক্ষণ হয়ে গেলেও সোহেল না ওঠায় খোঁজ নিতে ট্যাংকে নামেন ছোট ভাই ইমন। এরপর তাঁদের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে রাত ৯টার দিকে জুড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের কর্মীরা মই ব্যবহার করে ট্যাংকে নেমে দুই ভাইকে উদ্ধার করেন।

জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামীম আহমদ বলেন, দুই ভাই ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত রঞ্জন দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই সোহেল আহমদ মারা যান। ইমন আহমদ আশঙ্কামুক্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *