সিলেট, ১৫ জুলাই ২০২৫ | সুপ্রভাত সিলেট ডেস্ক
সিলেট নগরীর টিলাগড় শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় আরসিসি ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ কাজের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রশাসক জানান, “সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইকোপার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সাথে সংযোগকারী এই সড়কটি বহুদিন ধরে খারাপ অবস্থায় ছিল। শিক্ষার্থী, পর্যটক ও সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে এই রাস্তাটি উন্নয়নের আওতায় আনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

২৪ ফুট প্রশস্ত সড়ক ও আধুনিক অবকাঠামো

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, “বর্তমানে সড়কটির প্রস্থ ১২ থেকে ১৫ ফুট। উন্নয়নকাজ শেষে এটি ২৪ ফুটে উন্নীত হবে। পাশাপাশি ৬ ফুট প্রশস্ত ফুটপাত, সড়কবাতি, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা থাকবে, যা নগরবাসীর জন্য মনোরম পরিবেশ নিশ্চিত করবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মো. একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী রাজ উদ্দিন ও অংশুমান ভট্টাচার্য প্রমুখ।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *