বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা বলেছেন, তিনি দলের নির্দেশেই দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছেন। নতুন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার কিছু নয়—ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকেই দলের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনি এলাকার মানুষের পাশে আছেন।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

লুনা বলেন, “সিলেট-২ আসনের কোনো প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। দল থেকে আমাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কিছু মিডিয়ায় যা লেখা হচ্ছে, তারা কোন উদ্দেশ্যে লিখছেন, তা আমি জানি না। আমি মাঠে কাজ করছি এবং শেষ পর্যন্ত করব।”

মনোনয়ন না পেলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে দল সিদ্ধান্ত নিক, তারপর আমি প্রতিক্রিয়া জানাবো। আগে আগে প্রতিক্রিয়া জানিয়ে লাভ নেই।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন মনোনয়নের মানদণ্ড—যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন এবং যাদের জনসম্পৃক্ততা রয়েছে, তারাই অগ্রাধিকার পাবেন। তাই ত্যাগী ও জনপ্রিয় নেতাকর্মীদের হতাশ হওয়ার কিছু নেই।”

সভায় লুনা জানান, “গত ১৭ বছর আমরা জনগণের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারিনি। ফ্যাসিস্ট সরকার আমাদের সেই সুযোগ দেয়নি। এখন আমরা সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি—মানুষের কাছে যাচ্ছি, বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছি।”

ইলিয়াস আলীর স্ত্রী বলেন, “আওয়ামী লীগের সাধারণ ভোটাররা এলাকায় আছেন, যদিও অনেক নেতা নেই। এখন প্রশ্ন হলো—তারা ভোটকেন্দ্রে যাবেন কি না। আমরা চেষ্টা করছি যেন তারা ভোট দিতে আসেন এবং একজন গ্রহণযোগ্য প্রার্থীকে ভোট দেন।”

এর আগে তিনি ইমজার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যমূলকভাবে মতবিনিময় করেন এবং সিলেট-২ আসনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা আসন্ন জাতীয় নির্বাচন, বিএনপির প্রার্থী নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন, যার জবাব দেন তাহসীনা রুশদী লুনা।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *