বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের বিজিবি লাতু ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ গরু ভর্তি একটি পিকআপ ভ্যানসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ইয়াকুবনগর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে আব্দুর রহিম ও সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের আছার উদ্দিনের ছেলে জাকির হোসেন।

এব্যাপারে শনিবার রাতে বিজিবি লাতু ক্যাম্পের নায়েক মো. নূরুল আনোয়ার চোরাচালান প্রতিরোধ আইনে বড়লেখা থানায় মামলা করেছেন। রোববার বিকেলে থানা পুলিশ আটক দুই চোরাকারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, চোরকারবারিরা শনিবার দুপুরে ভারত থেকে অবৈধ গরুর একটি চালান নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে আসার গোপন সংবাদে বিজিবি লাতু বিওপির নায়েক মো. নূরুল আনোয়ারের নেতৃত্বে টহল দল বিভিন্ন পয়েন্টে ওত পেতে থাকে। চোরাকারবারিরা সীমান্তের মেইন পিলার ১৩৬৯ দিয়ে গরুর চালান নিয়ে আসে। সীমান্তের এক কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে শ্রীধরপুর নামক এলাকায় পিকআপযোগে ৬টি অবৈধ ভারতীয় গরু নিয়ে যাওয়ার সময় বিজিবি পিকআপসহ অবৈধ গরুগুলো আটক করে। এসময় অজ্ঞাতনামা চোরাকারবারিরা পালিয়ে গেলেও এদের দুইজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে ৬টি ভারতীয় অবৈধ গরু ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে। এসময় দুইজন চিহ্নিত চোরাকারবারিকে আটক করে শনিবার রাতে থানায় সোপর্দ করা হয়। আটক পিকআপসহ ৬ অবৈধ ভারতীয় গরুর সিজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। এব্যাপারে বিজিবি থানায় মামলা করেছে।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, বিজিবির এজাহার অনুযায়ি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার আসামিদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার অবৈধ ভারতীয় গরুর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *