বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই গ্রেপ্তার করা হয়েছিলো। মামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ‘স্লো পয়জনিং’ করে তাকে মারা ফেলতে চেয়েছে।
সোমবার (৭ জুলাই) সিলেট নগরীর পাঠানটুলার একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন,
“হাসিনা চলে গেছে, তার দোসররা দেশেই আছে। সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ে তারা অবস্থান করছে। তারা ভোট চায় না, নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়।”
তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন,
“এক দল একবার বলে নির্বাচন হবে, আবার বলে পরিবেশ নেই, আবার পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তবে পিআর পদ্ধতি সম্পর্কে তাদের সঠিক জ্ঞান নেই। বিশ্বের ৮০টি দেশে পিআর পদ্ধতি থাকলেও সেগুলো আলাদা আলাদা এবং তারা বিষয়টি বোঝে না।”
মির্জা আব্বাস আরও বলেন,
“আমি ১৭ বছর ধরে ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। যদি নির্বাচন নিয়ে টালবাহানা চালানো হয়, আমরা আবারো আন্দোলনে যাবো প্রয়োজনে। আওয়ামী লীগ যত বাধা দিবে, আমরা ততই শক্ত হয়ে তা প্রতিহত করে নির্বাচন করব।”
