জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের জনপ্রিয় সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলার একটি ভিডিও আজ (২১ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিকে ঘিরে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এবং এটি ফেসবুকে ট্রেন্ডে পরিণত হয়।

তবে ভিডিওটির সত্যতা অস্বীকার করেছেন জব্বার মন্ডল নিজেই। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোস্টে জানান, ভিডিওটি ভুয়া এবং তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি লেখেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি Fake News। এই ভিডিওর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে প্রার্থনায় রাখবেন।”

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক ব্যক্তিকে—যিনি জব্বার মন্ডলের মতো দেখতে—ব্যস্ত সড়কে শার্টের কলার ধরে মারধর করছেন। প্রকৃতপক্ষে, ভিডিওটি হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাশ রানার ওপর হামলার ঘটনা, যা জেলা সদর এলাকার শংকর বস্ত্রালয় মোড়ে ঘটেছিল।

এর আগেও মো. আব্দুল জব্বার মন্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলার ঘটনায় তিনি অভিযোগ করেছিলেন। গত ৩১ মার্চ তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৬৯৯) করেন তিনি। ওই সময়ও তিনি ফেসবুক পোস্টে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জানান, তার নাম ও ছবি ব্যবহার করে নকল অ্যাকাউন্ট খোলা হচ্ছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তি এড়াতে এবং সত্য যাচাই করে প্রতিক্রিয়া জানাতে অনুরোধ জানিয়েছেন তিনি।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *