রাজধানীর রায়েরবাগ ও কামরাঙ্গীরচরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণহীন অটোরিকশার ধাক্কায় নিহত শিশুদের একজন সুমাইয়া নুর তাকওয়া (৮) এবং অন্যজন জান্নাতি (৫)। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে কদমতলীর রায়েরবাগ পাকা মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকওয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকওয়ার পরিবার সূত্রে জানা যায়, তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানতলী এলাকায়। তার বাবা নুর আলম খান। তাকওয়া স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির মা কান্তা আক্তার তিন সন্তানকে নিয়ে সকালে রায়েরবাগে তার মায়ের বাসায় বেড়াতে আসেন। বিকেলে মা, নানি ও দুই বোনের সঙ্গে ঘুরতে বের হয়েছিল তাকওয়া।
হাসপাতালে তাকওয়ার নানি মর্জিনা বেগম জানান, বাসা থেকে কিছু দূরে গিয়ে তাকওয়া ললিপপ খাওয়ার আবদার করে। পরে তিন বোনের জন্য ১৫ টাকা দিয়ে তাকে দোকানে পাঠানো হয়। টাকা হাতে নিয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় পরে ঢামেকে স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে একই দিনে রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার সামনে খেলাধুলার সময় নিয়ন্ত্রণহীন অটোরিকশার ধাক্কায় জান্নাতি নামে পাঁচ বছরের আরেক শিশুর মৃত্যু হয়। মৃত্যুর আগে সে অন্য শিশুদের সঙ্গে খেলছিল।
স্থানীয়রা বেপরোয়া অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
