মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, দেশের প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালে যুক্ত থাকে। কিন্তু থানায়, আদালতে বা ইউএনও কার্যালয়ে অনেকেই জীবনে একবারও যান না। তাই সাধারণ মানুষের সরাসরি জড়িত থাকার কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া জরুরি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সেবাগ্রহীতারা অংশ নেন।
জেলা প্রশাসক বলেন, শিক্ষক ও চিকিৎসকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, কারণ এ দুটি পেশার সেবা সরাসরি জনগণের জীবনে প্রভাব ফেলে। উন্নয়ন কার্যক্রমে কারও অভিযোগ করার সুযোগ না রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন জনদুর্ভোগের কথা তুলে ধরেন এবং তা নিরসনের দাবি জানান। জেলা প্রশাসক আশ্বস্ত করেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
