স্টাফ রিপোর্টার ::

সিলেটে শিশুকে অমানবিকভাবে নির্যাতনের মামলায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ তিনজন আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ মে) আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ইদিআমিন লিওন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি নানু মিয়া (৩৫) ও ৫ নম্বর আসামি বারিক মিয়া এখনো পলাতক রয়েছেন। এর আগে তিন আসামি উচ্চ আদালতে জামিনের আবেদন করলে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

জেলহাজতে পাঠানো তিন আসামি হলেন, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ মেম্বার (পিতা: মৃত আব্দুল আহাদ, গ্রাম: কালিজুরি মটুককুনা), লোকমান মিয়া (পিতা: কাহানুর মিয়া, গ্রাম: সদরপুর মটুককুনা), সুমন আহমদ (পিতা: জলিল মিয়া, গ্রাম: কালিজুরি মটুককুনা)।

উল্লেখ্য, গত ১৬ মার্চ বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের রুহেল মিয়ার শিশুসন্তান অলিউর রহমানকে গরু চুরির অপবাদ দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা ধরে নিয়ে যান সাবেক চেয়ারম্যান লায়েক আহমদের বাড়িতে। সেখানে ঘরের গ্রিলের সঙ্গে বেঁধে শিশুটিকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার দুদিন পর, ১৮ মার্চ অলিউর রহমানের মা জলি বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *