বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন-এর সিলেট বিভাগীয় কমিটির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। শ্রমিক নেতারা জানিয়েছেন, আগামী ১৮ মে’র মধ্যে মামলা প্রত্যাহার না হলে ১৯ মে ভোর ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২৭ এপ্রিল কদমতলী বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত দুই শ্রমিক পরে মারা যান।

ঘটনার পর নিহত শ্রমিক ছাবলু মিয়ার বাবা গত ৫ মে দক্ষিণ সুরমা থানা-এ একটি মামলা দায়ের করেন। মামলায় ফেডারেশনের বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, কদমতলী বাস টার্মিনালের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ শ্রমিক নেতাদের আসামি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা দাবি করেন, ঘটনার সময় অভিযুক্ত নেতারা নাজিরবাজারে শ্রমিক সংগঠনের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন এবং পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন।

নেতারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, পরিবহন শ্রমিকদের ঐক্য বিনষ্টের কোনো ষড়যন্ত্র শ্রমিক সমাজ মেনে নেবে না।

সভায় সর্বস্তরের পরিবহন শ্রমিকদের ১৯ মে থেকে শুরু হওয়া সর্বাত্মক কর্মবিরতি সফল করার আহ্বান জানানো হয়।

ফেডারেশনের বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *