হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলায় ধানের খড় শুকানোকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর ও পার্শ্ববর্তী নিজামপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উস্তার মিয়া, আশিক মিয়া, শাহজাহান, দুলাল মিয়া, উজ্জ্বল, লতিফুর রহমান, বিলাল মিয়া, মাসুক মিয়া, ইফাত, ফরহাদ মিয়া, আব্দুল আওয়াল ও মহিবুর রহমান মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে দরিয়াপুর গ্রামের কিতাব আলীর সঙ্গে নিজামপুর গ্রামের সফিক মিয়ার ধানের খড় শুকানো নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পুলিশ পরিস্থিতি শান্ত করেছে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
