সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচ দিয়েই মাঠে গড়াবে এবারের লড়াই। একই দিন সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ আয়োজন করা হবে ছয় দিনে। মাঝে দুই দিন বিরতি রেখে ম্যাচগুলো মাঠে গড়ানোর পরিকল্পনা করেছে বিসিবি। এরপর ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। বন্দর নগরীতেও ছয় দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে শেষ পর্ব। টানা তিন দিনের ম্যাচ শেষে ১৭ জানুয়ারি শেষ হবে গ্রুপ পর্বের লড়াই।
সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরুর সিদ্ধান্তটি শেষ মুহূর্তে নিশ্চিত হয়। আগে বিসিবির তরফ থেকে জানা গিয়েছিল, হোটেল সংকটের কারণে ঢাকা পর্ব দিয়ে টুর্নামেন্ট শুরু করার চিন্তা করছিল তারা। তবে সিলেটের হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় সমস্যা মিটে যাওয়ায় আগের পরিকল্পনায় ফিরে আসে বিসিবি।
