মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে চালানো ‘অপারেশন হিলসাইড’ নামের অভিযান শেষ হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিনা বাধায় চলা এই অপারেশনে চারজন পুরুষ ও ছয়জন নারীকে আটক করা হয়েছে। এসময় আটকদের সঙ্গে ৩ জন শিশু ছিল।

অভিযান শেষে শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি জানান, এটি একটি নব্য জঙ্গি সংগঠন। এর নাম ইমাম মাহমুদ কাফেলা। অভিযান চলাকালে ওই বাড়ি থেকে বিপুল সংখ্যক জিহাদি বই, ৩ কেজি বিস্ফোরক, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা ও জিহাদের প্রশিক্ষণ সামগ্রী জব্দ করা হয়েছে।

আটকদের মধ্যে শুধু পুরুষদের পরিচয় জানা গেছে। তারা হলেন- রফিক উদ্দিন, আব্দুল হাফিজ, খায়রুল ইসলাম, শরিফুল ইসলাম। তাদের বাড়ি সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে।

জানা যায়, আটক ওই ৬ জন নারী তাদের পরিবারের সদস্য না।

সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, এই সংগঠনের সঙ্গে আরও যারা জড়িত আছেন তাদের আটক করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) কামরুজ্জামান, সিটিটিসির এডিসি নাজমুল ইসলাম, সোয়াট টিমের এডিসি জাহিদ, জেলা পুলিশ সুপার মনজুর রহমান, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেহ, জেলা পুলিশের এএসপি ফজলুর রহমান মোহসিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *