নিজস্ব প্রতিবেদক : বোবারথল এলাকার পেকুছড়ায় রাস্তা আছে, কিন্তু নেই চলাচলের উপযোগী কালভার্ট বা ব্রিজ। একসময় এখানে একটি কালভার্ট ছিল। কিন্তু ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কালভার্টটি ভেঙে যাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই গ্রামের বাসিন্দারা।
দীর্ঘদিনের এই জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্রিজ নির্মাণের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন মিঠু।
এদিকে, পেকুছড়ার ভাঙা কালভার্টের স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, পেকুছড়ার এই কালভার্টটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুই গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসীর এই সমস্যার সমাধানে সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন মিঠু ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। আমরা আশা করি, প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে এখানে একটি টেকসই ব্রিজ নির্মাণ করা সম্ভব হবে এবং মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু বলেন, এলাকার মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কালভার্টটি ভেঙে যাওয়ার পর থেকে দুই গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছেন। সংসদ সদস্যের এই অনুদান বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে এবং স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন। আমরা চাই, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সমস্যাটির স্থায়ী সমাধান করা হোক।
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পেকুছড়ার দুই গ্রামের মানুষ এখন তাকিয়ে আছেন ব্রিজ নির্মাণের দিকে। তাঁদের প্রত্যাশা, সংসদ সদস্যের দেওয়া অনুদান কাজে লাগিয়ে দ্রুত নির্মাণ করা হবে একটি টেকসই ব্রিজ এবং স্বাভাবিক হবে এলাকার যোগাযোগব্যবস্থা।
বোবারথলের পেকুছড়ার মানুষের দাবি—দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত নির্মাণ করা হোক ব্রিজ।
