যোগদানের মাত্র সাতদিনের মাথায় মৌলভীবাজারের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে আগামী ১৬ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে আদেশে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, ‘আড়াই কোটি টাকার চুক্তির মাধ্যমে’ রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের এসপি পদে বদলি করা হয়েছে। অভিযোগটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এর আগে একইভাবে ফেনী ও পঞ্চগড় জেলার নবনিযুক্ত দুই পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়। তারা হলেন ফেনীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান।
গত ৯ মে আইজিপি স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছিল। মাহবুব আলম খানকে ১০ মে’র মধ্যে এবং মিজানুর রহমানকে দায়িত্ব হস্তান্তর শেষে একই সময়ের মধ্যে সদর দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছিল। তবে সেই তালিকার তিন কর্মকর্তাকেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রত্যাহার করা হলো।
