বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধ শেষে দুই দিনের বিরতি দিয়ে রোববার ভোর থেকে ফের ৪৮ ঘণ্টার জন্য একই কর্মসূচি দিয়েছে। সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন। খবর বিডি/বাংলানিউজের।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে এই পর্যন্ত আন্দোলনের পুলিশের গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে মসজিদের মসজিদে দোয়া মাহফিল হবে। এছাড়া আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টা এক দফা দাবিতে সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি সফল করার জন্য দেশবাসীসহ সর্বস্তরের নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী। তিনি জানান, তাদের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট ও দলগুলোও এ অবরোধ কর্মসূচি পালন করবে।

অন্যদিকে আগামী ৫ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমান বিনা ভোটের সরকার আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে। এতে দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে। তিনি আরও বলেন, এ অবস্থা থেকে দেশকে বাঁচানোর জন্য বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার করা সব নেতাকর্মীর মুক্তির দাবিতে এবং বিগত ৩ দিনের অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ৩ নভেম্বর শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠান এবং আগামী ৫ নভেম্বর রবিবার ভোর ৬টা থেকে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।
ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *