সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে পুলিশ এবং কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়।

প্রায় ১৫-২০ মিনিট ব‍্যাপী এ সংঘর্ষে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ডেকেছেন। জরুরি সেবার যানবাহন ও অফিস ছাড়া সব বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন তারা।

এ কর্মসূচি পালনে বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ঘিরে সতর্ক অবস্থানে থাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী। এসময় তারা পুলিশ-বিজিবির সামনে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেয়।

জানা যায়, সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা ক‍্যাম্পাসের দখল নিতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় দুপক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়।শিক্ষার্থীদের পক্ষ থেকে ইট-পাটকেল ও পুলিশের পক্ষ থেকে গুলি-টিয়ার সেল নিক্ষেপ করা হয়।

এর আগে বেলা বেলা ১১টা ২০ থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। ক্যাম্পাসের ভেতরে ও অবস্থানের আশপাশে প্রচুর পুলিশ রয়েছে। তবে দুপুর ১২ পর্যন্ত কোনো অঘটনা ঘটেনি। তীব্র গরমকে উপেক্ষো করে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে কোটা, সরকার ও পুলিশ বিরোধী নানা স্লোগান দিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। এসময় থেকে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। এসময় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *