রাজনৈতিক দল গঠন নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ।

শুক্রবার রাতে এক বিবৃতির মাধ্যমে তিনি এ দাবি করেন।

মাহফুজ আবদুল্লাহ বলেন, ‘রয়টার্সে আমার বক্তব্য ভুলভাবে এসেছে। আর সে ভুল বক্তব্যের উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করেছে। আমার বক্তব্য ছিল, আমরা রাজনৈতিক দল গঠন নিয়ে এখনই ভাবছি না। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা কাজ করছি। গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারকে সংহত করা আমাদের প্রাথমিক লক্ষ্য।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির এ সমন্বয়ক বলেন, ‘আমি বক্তব্যে বলেছি, রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে কথা বলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা নিয়েও কাজ করব। এ কাজে অন্তত এক মাস সময় লাগবে। আর রয়টার্সও লিখেছে এক মাস পর নির্ধারিত হবে আমরা দল করব, কি করব না। তবে রয়টার্স একটি ভুল করেছে, নাগরিকদের বদলে তারা ভোটার শব্দটি ব্যবহার করেছে। অথচ নির্বাচনী রাজনীতি নিয়ে আমাদের খুব কমই কথা হয়েছে। রয়টার্সের প্রতিবেদককে এ বিষয়ে আমি লিখেছি, তিনি হয়তো এটা সংশোধন করে দেবেন।’

মাহফুজ আরও বলেন, ‘রয়টার্সের সাংবাদিক বারবার জিজ্ঞাসা করছিলেন, দ্বিদলীয় কাঠামো নিয়ে এবং তা উতরে যেতে রাজনৈতিক দল করব কি না। আমি বলেছি, আমরা দল বা ব্যক্তি নয়, ব্যবস্থার সংস্কার চাচ্ছি। যাতে যে দলই আসুক, তাদের জনগণের প্রতি দায়বদ্ধ হতে হয়; কিন্তু এমনভাবে বলা হলো যেন আমি মাইনাস টু চাচ্ছি। যেটা আমার উদ্দেশ্য না অবশ্যই।’

লিয়াজোঁ কমিটির এ সমন্বয়ক বলেন, ‘আমাদের এখনকার লক্ষ্য, রাজনৈতিক লড়াইকে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠনমূলক কাজের দিকে চালিত করা। উপযুক্ত সময় এলে রাজনৈতিক গঠন বা গড়ন কেমন হবে—তা সবাই জানতে পারবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *