হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের জমি গাছ নিয়ে বিরোধের জের ধরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাতার প্রবাসী ফারুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ।এ ঘটনায় তার ভাতিজা রবি মিয়া গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বহরা ইউনিয়নের দলগাও গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফারুক মিয়া দলগাও গ্রামের আব্দুল মালেকের ছেলে। গুরুতর আহত রবি মিয়া ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী,নিহত ফারুকের খালাতো ভাই আনোয়ার আলী জানান, ফারুক মিয়া ও একই গ্রামের হামিদ মিয়া গংদের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল।ফারুক মিয়া জমিতে লাগানো গাছ কাটতে গেলে হামিদ মিয়া গংরা বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় কয়েকজন মুরুব্বি বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষ নিয়ে সোমবার মাগরিব নামাজের পরে একটি সালিশ বৈঠকে বসে।সালিশের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফারুক মিয়া ও তার খালাতো ভাইয়ের ছেলে রবি মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা ফারুক মিয়া ও রবি মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তারেক উজ জামান ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় রবি মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল প্রেরণ করেন। নিহত ফারুক মিয়া কাতার প্রবাসী। তিনি প্রায় ১৫ দিন পূর্বে কাতার থেকে ছুটিতে বাড়ি এসেছিলেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *