সিটি কর্পোরেশন কর্তৃক নতুন স্থাপন করা পানির পাইপ লাইনে ত্রুটি দেখা দিয়েছে। এতে পানির জন্য ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন এলাকার বাসিন্দাগন।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি নগরীর নাইওরপুল থেকে বন্দরবাজার হয়ে জিতু মিয়ার পয়েন্ট পর্যন্ত স্থাপন করা হয়েছে নতুন পানির লাইন। এখনো নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় পানির লাইন স্থাপনের কাজ চলমান রয়েছে। এর মধ্যে কয়েকটি স্থানে নতুন পাইপ লাইনের জয়েন্ট খুলে যাওয়ায় গত ৪ দিন ধরে পানির কষ্টে আছেন নগরীর ১৩নং ওয়ার্ডের বাসিন্দাগণ। সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ পানির গাড়ি দিয়ে তাদের মাঝে পানি সরবরাহ করলেও তা চাহিদার তুলনায় খুবই সামান্য।

জানা গেছে, নগরীর ১৩নং ওয়ার্ডের মির্জাজাঙ্গাল, তোপখানা, জামতলা, তেলিহাওর, দক্ষিণ তালতলা, লামাবাজার, মাছুদিঘীর পার ও রামের দিঘির পার এলাকার ২ হাজারের বেশী বাসিন্দা সাপ্লাইয়ের পানি থেকে বঞ্চিত রয়েছেন।

ঐসব এলাকার বাসিন্দারা জানান, গত ৪ দিন ধরে তারা পানির কষ্টে আছেন। পাইপের জয়েন্টে সমস্যা হওয়ায় পানি নেই। তারা কিনে পানি ব্যবহার করছেন। সিসিকের ভ্রাম্যমাণ গাড়িতে যে পানি সরবরাহ করা হয় তা চাহিদার তুলনায় খুবই সামান্য। তারা বলেন, দুইদিন পুরো ওয়ার্ডে পানি ছিলো না। বুধবার থেকে কিছু এলাকায় পানি দেয়া হলেও ওয়ার্ডের বেশিরভাগ মানুষ এখনো পানি পাচ্ছেন না।

এ ব্যাপারে ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু) বলেন- নতুন পাইপ লাইনের কয়েকটি স্থানে জয়েন্টে সমস্যা হয়েছিল। যে কারণে ওয়ার্ডটিতে পানির কষ্ট হচ্ছিল। বৃহস্পতিবার প্রায় সকল এলাকায় বিষয়টি সমাধান হয়েছে। ইতোমধ্যে সবাই পানি পেয়েছে। এরপরও মাছুদিঘীর পার এলাকায় কয়েকটি বাসায় পানি পায়নি। কেন তারা পানি পায়নি বিষয়টি শুক্রবার খতিয়ে দেখা হবে। সকল ত্রুটি দূর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *