মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে প্রশাসন বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল উদ্ধার ও ধ্বংস করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩০০টি চায়না দোয়ারী জাল এবং ৬ হাজারটি চাই জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। জব্দকৃত জাল নদীর তীরে এনে পুড়িয়ে নষ্ট করা হয়। একই সময় অবৈধ মাছ শিকার করার অভিযোগে কুঞ্জ লাল বিশ্বাস নামে এক মৎস্যজীবীকে আটক করে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস এবং পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।
