সুপ্রভাত সিলেট প্রতিবেদক
সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকার তিনটি ফার্মেসিকে একযোগে ৬৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগস অ্যাক্ট এবং ট্রেড লাইসেন্সের শর্ত ভঙ্গসহ একাধিক অনিয়মের দায়ে সোমবার (১৪ জুলাই) বিকেলে পরিচালিত এই অভিযানে জরিমানা আদায় করা হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল রোড ও আশপাশের এলাকায় বেলা ৩টার দিকে এই অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা।
জানা যায়, অভিযানে ‘সিলেট মেডিকেল’ ফার্মেসিকে ৫০ হাজার টাকা, ‘শেফালী ফার্মেসি’কে ১০ হাজার টাকা এবং অপর একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে সেগুলো ওষুধ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, “ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ড্রাগস অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণে ব্যর্থতার দায়ে এই জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, সিলেট শহরে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে এবং সাধারণ জনগণকে মানসম্পন্ন ও নিরাপদ চিকিৎসা সহায়তা নিশ্চিতে প্রশাসনের অভিযান চলমান থাকবে।
