সিলেটের গোলাপগঞ্জে সরকারি খাস জমি দখল করে মাছের খামার তৈরি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ আগস্ট) ফুলবাড়ী ইউনিয়নের বদলখা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—চেরাগ আলী (৬২), ইছাক আলী (৬০), সুপার আহমদ (৫০) ও রুহেলা বেগম (৪৫)। জমি দখল ও পরিবেশ ক্ষতির অভিযোগে চেরাগ আলীকে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অপর তিনজনকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে সেনাবাহিনী ও গোলাপগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, সরকারি জমি দখল ও কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।
