নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি তাজ উদ্দিন (৫৪) -কে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) ভোরে উপজেলার পেনাগুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাজ উদ্দিন উপজেলার ১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পেনাগুল গ্রামের মৃত রইছ আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ২০২৪ইং উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী গ্রামের নিমার আলী তার প্রতিবেশী মৃত ইছহাক আলীর স্ত্রী কুলছুমা বেগম (৫২), পেনাগুল গ্রামের তাজ উদ্দিনের ছেলে মারোয়ান (২৫), মৃত রইছ আলীর ছেলে তাজ উদ্দিন (৫৪) ও গৌরনগর গ্রামের মৃত রফিজ আলী (ডুমন) এর ছেলে এমরান হোসেন (৫৬) -এর বিরুদ্ধে বড়লেখা আদালতে একটি মামলা করেন। গত রবিবার (০৬ অক্টোবর ২০২৪) এই মামলায় বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে তাজ উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়। এরপ্রেক্ষিতে বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে তাজ উদ্দিন (৫৪) -কে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) দুপুরে জানান, গ্রেপ্তারকৃত তাজ উদ্দিন সিআর মামলার (নং-২৭/২০২৪, বড়) পরোয়ানাভুক্ত আসামী। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে গ্রেপ্তার তাজ উদ্দিনের ছেলে মারোয়ান হোসেন সাংবাদিকদের বলেন, মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ওপর এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলায় ঘটনা দেখানো হয়েছে ৫ জানুয়ারি ২০২৪; কিন্তু মামলা করা হয় ঘটনার প্রায় ১৬ দিন পর। এরপর দীর্ঘদিন পুলিশ এ ঘটনার প্রতিবেদন দেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর হয়রানির উদ্দেশ্যে বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪) এ মামলার তদন্ত প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। যে তারিখে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে; ওইদিন এধনের কোনো ঘটনাই ঘটেনি।
