মৌলভীবাজার: জেলার কমলগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাকও জব্দ করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রানীরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রানীরবাজার সংলগ্ন ধলাই নদীতে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন আকস্মিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মালিক মিয়াকে আটক করে।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানের সময় অবৈধ বালু পরিবহনের কাজে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়। এ সময় কমলগঞ্জ থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
