কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মো. সাদেক (২৫) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এর ব্লক-এফ ১৩-এর বাসিন্দা। তার বাবার নাম বশির আহমেদ এবং মায়ের নাম সারা খাতুন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মিয়ানমার সীমান্তের ভেতরে ‘নারিকেল বাগান’ নামে পরিচিত স্থানে এই বিস্ফোরণ ঘটে। এটি শূন্যরেখা থেকে প্রায় ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত।

বিস্ফোরণের শব্দ শোনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলের নিকটে গিয়ে দেখতে পান, গুরুতর আহত অবস্থায় সাদেককে তার সহকর্মীরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে সাদেকসহ একদল জেলে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেছিলেন। মাছ ধরে ফেরার সময় পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে জীবিকার জন্য সীমান্ত অতিক্রম করা রোহিঙ্গা ও স্থানীয় জেলেদের জন্য এটি বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে ফেরার পথে মাইন বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত হয়েছেন এবং তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *