রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলমান থাকলেও তার শারীরিক অবস্থা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। নেতাকর্মী থেকে সাধারণ মানুষ—সবার মাঝেই চলছে নানা আলোচনা, তবে এসব গুজবের উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য কেউ জানাতে পারেননি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত নেতাকর্মী ও উৎসুক মানুষের সঙ্গে কথা বলে দেখা যায়, কেউ দাবি করছেন খালেদা জিয়াকে দেখতে তারেক রহমান লন্ডন থেকে রওনা দিয়েছেন, আবার কেউ বলছেন খালেদা জিয়া লাইফসাপোর্টে আছেন। এ ছাড়া তার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অনেকে উল্লেখ করেন। ফেসবুকে ছড়ানো গুজবের সঙ্গেও এসব দাবির মিল রয়েছে, ধারণা করা হচ্ছে সেখান থেকেই এসব গুজব ছড়িয়ে পড়েছে।
তারেক রহমান ফিরছেন কি না, তা নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শীর্ষ নেতাদের বক্তব্য—তিনি দ্রুত ফিরবেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, ফলে তার দেশে ফেরার বিষয়টি অনিশ্চিতই রয়ে গেছে।
বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি গণমাধ্যমকে জানান, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে তারেক রহমান সেই বিবেচনায় সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি খুব শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা করছেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো অনুরোধ আসেনি। তিনি ট্রাভেল পাস চাইলে তা দ্রুত ইস্যু করা হবে এবং দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হলে সেখানেও সরকার সহযোগিতা করবে—তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ও পরিবারের।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি স্পষ্ট করে বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব থেমে নেই। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ জানিয়ে বলেন—গুজবে কান দেবেন না। তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে।
আবেগপ্রবণ জাহিদ হোসেন সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “দীর্ঘদিন আপনারা আমাদের পাশে থেকেছেন, এবারও আপনাদের সহযোগিতা চাই।” তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান এবং আশাবাদ ব্যক্ত করেন যে আপসহীন নেত্রী আবারও সুস্থ হয়ে উঠবেন।
