মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী ব্যবসায়ীর ৬ কোটি টাকার জমিতে সীমানা প্রাচীর নির্মাণে বাধা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত আসামি সাইদুল ইসলামকে ৪ ঘণ্টার রিমান্ডে দিয়েছে আদালত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক মামলার তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন গ্রহণ করে ৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
৪২ বছর বয়সী সাইদুল ইসলাম উপজেলার গাজীটেকা আইলাপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। তাকে ২০ এপ্রিল ভোরে সিলেট নগরীর উপশহর এলাকা থেকে মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বড়লেখা থানা পুলিশ গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে জানা যায়, বড়লেখার সুজানগর ইউনিয়নের প্রবাসী আগর-আতর ব্যবসায়ী বদরুল ইসলাম তার ছেলে কামরুল ইসলামের নামে ৭১ শতক জমি ক্রয় করেন। ২০২৩ সালের ২৬ মার্চ জমির সীমানা প্রাচীর নির্মাণকালে সাইদুল ইসলাম সশস্ত্র সহযোগীসহ সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেন এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা না দিলে হত্যা করার হুমকিও দেন।
ভয় ও নিরাপত্তাহীনতার কারণে বদরুল ইসলাম প্রথমে ৫ লাখ টাকা নগদ প্রদান করেন এবং আরও ৩০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে বাকি টাকা না দেওয়ায় সাইদুল প্রাচীর ভেঙে ফেলেন এবং নির্মিত আধাপাকা তিনটি দোকানঘর জোরপূর্বক দখলে নেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করে, যেখানে বিএনপির স্থানীয় নেতারাও অংশ নেন।
উল্লেখ্য, সাইদুল ইসলামের বিরুদ্ধে এর আগেও দুর্নীতি, স্বর্ণ চোরাচালান ও অবৈধ অর্থ পাচারের একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
