সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সপ্তাহের এই কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাও বাংলাদেশের ওপর নির্ভরশীল। ফলে ভারতকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদা নিয়ে সম্পর্ক রাখতে হবে।
তিনি বলেন, গত ১৬ বছরে গোয়েন্দা সংস্থাকে সব বিরোধীকে দমন করতে ব্যবহার করা হয়েছিল। এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা; তারা গুম-খুন সব দক্ষতার সঙ্গে করতে পেরেছিল। কিন্তু ৫ আগস্টের পর তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে। তারা এখন আর কাউকে গ্রেপ্তার করতে পারে না। তারা খুনিদের বাংলাদেশের বর্ডার দিয়ে পার হতে দিতে পারে।
নাহিদ বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে (বিচ্ছিন্ন ঘটনা), সে ইলেকশন কমিশন আর দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার রাখে না। তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কি না, এই প্রশ্ন আমরা গত ৬ মাস ধরে করে যাচ্ছি। আমরা আশা করব, তিনি (সিইসি) তার বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন করা সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না।
