বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন।
এদিন কারাগার থেকে মাহবুব আলীকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল মিয়া তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে জানানো হয়।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সময় নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার ভাই আকিবুন নূর ২২ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
