সিলেট: বন্ধুর বোনের গোপন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে যুক্তরাজ্যপ্রবাসী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম শাকির আহমদ (৩৬)। তিনি নগরের সোবহানীঘাট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শাকির আহমদ বন্ধুর ছোট বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে ফোনালাপ ও ভিডিও কলের মাধ্যমে তিনি ওই তরুণীর অশ্লীল ভিডিও ধারণ করেন।
অভিযোগ রয়েছে, ধারণকৃত ভিডিও ও ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তিনি ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং বিয়ের বিষয়ে টালবাহানা করেন।
গত ৩ এপ্রিল বিকেলে বিয়ের প্রসঙ্গ উঠলে শাকির উত্তেজিত হয়ে ভুক্তভোগীকে হুমকি দেন যে, তার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।
এরপর ভুক্তভোগী সিলেট মহানগরের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, ভিডিও কলে কথোপকথনের সময় গোপনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করতেন শাকির এবং পরে সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইল করতেন।
গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
