সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোয় রাষ্ট্রদূত পদে দায়িত্বরত সিলেটের মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত (৩ জানুয়ারি) রাতে সিলেট মহানগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।

ফাহিম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। তিনি রায়নগরের ৫২ নং বাসায় থাকতেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- ফাহিম আহমেদ নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টা করেছেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। এসময় প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।

পরে ফাহিমের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী।

মামলার পর ফাহিমকে গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করে। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে সিলেট মহানগরের রায়নগর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, প্রতারক ফাহিম আহমেদ আওয়ামী সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্নীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করেছেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ কমিশনার (এসএমপি) মোঃ রেজাউল করিম পিপিএম জানান, এই প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এতে ক্ষুব্ধ হয়েছেন।

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এ ধরনের প্রতারক চক্রের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সেই সাথে প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণের তিনি পরামর্শ প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *