প্রতিবেদন (সুপ্রভাত সিলেট):
সিলেট নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় বুধবার (২৫ জুন) বিকেলে দুই মাস বয়সী শিশু ইনায়া রহমানকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একই সময় তার বাবা আতিকুর রহমানকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। আতিকুর রহমান সিএনজি অটোরিকশা চালক।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ইসলামপুরের আনসার মিয়ার বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থাকতেন আতিকুর। দুপুরের খাবারের পর পরিবার ঘুমিয়ে পড়ে। বিকেলে চিৎকার শুনে ছুটে গিয়ে স্থানীয়রা দেখতে পান ইনায়ার গলা কাটা অবস্থায় এবং আতিকুরের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তাদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আতিকুরকে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত স্ত্রী ঝুমা বেগম অভিযোগ করেন, স্বামী গলা কেটে শিশু হত্যার পর নিজের গলাও কাটছিল। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। নিহতের খালাতো ফুফু ও মামাও একই বর্ণনা দিয়েছেন।
শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আতিকুর ও তার স্ত্রীর বিবৃতিতে পারস্পরিক ভিন্নতা রয়েছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনাকে ‘অমানবিক ও হৃদয়বিদারক’ হিসেবে বিবেচনা করছেন।
— সুপ্রভাত সিলেট সংবাদ।
