সিলেট জেলার সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৫ দফা দাবির প্রেক্ষিতে ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন ও পণ্য পরিবহন খাতে ধর্মঘটের ঘোষণা দিয়েছে। বাস, মিনিবাস, কোচ, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজি, ইমা-লেগুনা ও পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা এই ধর্মঘটের মধ্যে রয়েছেন।
রোববার (৬ জুলাই) বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এবং শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে ধর্মঘট ঘোষণা করা হয়।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো:
১. ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৩৬ ধারা অনুযায়ী ইকোনমিক লাইফ নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা।
২. সিলেটের সকল পাথর কোয়ারির ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় অনুমতি প্রদান।
৩. বিআরটিএ’র ফিটনেস সার্টিফিকেট প্রদান প্রক্রিয়া থেকে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরিয়ে নেওয়া।
৪. পণ্য পরিবহনে আরোপিত অতিরিক্ত কর ও ট্যাক্স প্রত্যাহার।
৫. পাথর ও বালুবাহী যানবাহনের চালকদের পুলিশি হয়রানি বন্ধ এবং বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনসহ ক্ষতিপূরণ প্রদান।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে মালিক ও শ্রমিকদের উর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, সরকারের দ্রুত পদক্ষেপ না নিলে পরিবহন সংকট এবং জনদুর্ভোগ বাড়বে।
