ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ১১ জন ঘটনাস্থলেই মারা গেছেন। আর একজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী বলে জানা গেছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. মোর্শেদ আলম জানান, কানাইপুরের দিকনগর এলাকায় ইউনিক পরিবহনের একটি বাস ঢাকা থেকে যশোরের দিকে যাওয়ার সময় অপরদিক থেকে একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের ১১ জন যাত্রী নিহত হয় আর এ ঘটনায় আহত হয় চারজন। তাদেরকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন খবর পেয়ে ফরিদপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং পুলিশের দল ঘটনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ চালায়। এছাড়া দুই পাশে যে যানজট তৈরি হয় সেটাও পুলিশ নিয়ন্ত্রণ করে বলে তিনি জানান।

এদিকে এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নিহত প্রতি ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা এবং আহত প্রতি ব্যক্তিকে তিন লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *