মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ আহমদ বাবলু গত ২৪ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সেবাগ্রহীতাদের অভিযোগ, তাকে ইউনিয়ন পরিষদ বা এলাকায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা নাগরিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষত নাগরিক সনদ, জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধনসহ অন্যান্য জরুরি সেবা প্রদান না হওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন। স্থানীয়দের দাবি, চেয়ারম্যান সম্ভবত গ্রেপ্তার এড়াতে গোপনে যুক্তরাষ্ট্র চলে গেছেন।
এর আগে গত বছর জুনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই তিনি আমেরিকা গমন করেছিলেন এবং প্রায় তিন মাস পর দেশে ফিরে এসে পুনরায় বেতন-ভাতা উত্তোলন শুরু করেন। তবে মন্ত্রণালয় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে।
পরিষদে সেবা নিতে আসা জনগণ হতাশ হয়ে ফিরতে বাধ্য হচ্ছেন। এক গ্রাহক, এনাম উদ্দিন জানিয়েছেন, তার মেয়ের স্কুল ভর্তি কার্যক্রমের জন্য স্ত্রীর নাম সংশোধন করতে চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন, কিন্তু চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে তিনি কাজটি সম্পন্ন করতে পারছেন না।
প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, “চেয়ারম্যান ২৪ মার্চ থেকে রেজুলেশন ছাড়াই পরিষদে অনুপস্থিত এবং তার মোবাইলও বন্ধ। জন্মনিবন্ধন নিবন্ধক আইডি চেয়ারম্যানের কাছে থাকায় অন্য কেউ এই কাজ করতে পারছে না, যার ফলে সেবাগ্রহীতারা কঠিন সমস্যায় পড়েছেন।”
এ ব্যাপারে, বড়লেখা উপজেলার ইউএনও মোহাম্মদ আসলাম সারোয়ার জানিয়েছেন, “চেয়ারম্যান ছুটি নেননি এবং তিনি পরিষদে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং জনদুর্ভোগ দূর করতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে জন্মনিবন্ধনের নিবন্ধক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।”
