বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ৮টায় উপজেলার আবদুর রহমান কনভেনশন হলে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। এ নির্বাচনে ৭১০ জন ডেলিগেটের মধ্যে ৭০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সভাপতি পদে আব্দুল হাফিজ এবং যুগ্ম সম্পাদক পদে জুয়েল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ হয়।
নির্বাচনের ফলাফল
- সভাপতি: আব্দুল হাফিজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
- সহ-সভাপতি: নছিব আলী (ভোট ৪৩১)
- সাধারণ সম্পাদক: মুজিবুর রহমান খসরু (ভোট ৩৫০)
- যুগ্ম সম্পাদক: জুয়েল আহমদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
- সাংগঠনিক সম্পাদক: আব্দুস শহীদ (ভোট ৫৩৮)

পরাজিত প্রার্থীরা হলেন— এস এম শরিফুল ইসলাম বাবলু (২৫৬ ভোট), আব্দুল কাদের পলাশ (৩৩৫ভোট) ও জালাল আহমদ তালাল (১৪৪ ভোট)।
কেন্দ্রীয় বিএনপির সদস্য জি কে গউছ ভোটের ফলাফল ঘোষণা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নাসির উদ্দিন মিঠু ও শরিফুল হক সাজু।
বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচন স্থানীয় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতারা আগামী দিনে বড়লেখা উপজেলা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
