সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালকের মারধরে আরেক চালকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা দেড়টার দিকে নিহত চালক আমিরুল ইসলামের স্ত্রী হেলেন বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে আলমগীর হোসেনকে (৩৫)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালীগঞ্জ গ্রামে। বেশ কিছুদিন ধরে তিনি সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় বসবাস করছেন।

অন্যদিকে, নিহত আমিরুল ইসলামের (৩৪) বাড়ি সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁওয়ে। ওই গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে তিনি। তবে আমিরুল জালালাবাদের টুকেরবাজার এলাকার ঘোপাল গ্রামে বসবাস করছিলেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, নিহত চালকের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। একমাত্র আসামি আলমগীর হোসেনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার রাত ১০টার দিকে বন্দরবাজারস্থ প্রধান ডাকঘরের সামনে একজনের গাড়ির সাথে আরেকজনের গাড়ি লেগে যাওয়া নিয়ে আমিরুল ইসলাম ও আলমগীর হোসেনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুজনে মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় আমিরুলকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন আলমগীর। এতে অজ্ঞান হয়ে পড়েন আমিরুল।

মারামারির খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা এসে অজ্ঞান আমিরুলকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই জনতা আলমগীরকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *