মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ২১ কেজি ওজনের একটি বিশাল অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার খাইছড়া চা বাগানের পাহাড়ি ছড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, চা বাগানের শ্রমিকরা কাজ করার সময় ছড়ার পাড়ে বিশাল আকৃতির সাপটি দেখতে পান। অজগরটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা কাজ ফেলে স্থান ত্যাগ করেন।
পরে শ্রমিকরা বিষয়টি বাগানের ব্যবস্থাপককে জানালে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার অভিযানে বাগান কর্তৃপক্ষও উপস্থিত ছিলেন।
উদ্ধার শেষে অজগরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। স্বপন দেব সজল জানান, “অজগরটি সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদে বনে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে।”
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গল ও পার্শ্ববর্তী চা বাগান ও পাহাড়ি এলাকায় এ ধরনের বন্যপ্রাণী দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয়—বনে খাদ্য সংকট তৈরি হওয়ায় প্রাণীরা লোকালয়ের দিকে চলে আসছে।
