সিলেটের ৪টি সহ দেশের ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ দাঁড়ায় এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নাম পরিবর্তন হওয়া বিদ্যালয়গুলো হলো- সিলেট জেলার ডাকাতির বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার নতুন নাম শাহজালাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গনজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন নাম রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই উপজেলার ঋণকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন নাম উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাপুর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন নাম জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ এর নীতি ৪(ক) ও ৫ অনুযায়ী ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত বছরের ১৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ জারি করে মন্ত্রণালয়। তখন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, দেশের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনেকগুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সংবলিত। যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার অন্তরায়। তাই এগুলোর নাম পরিবর্তন করা হবে।

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *