রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ফলে স্থবির রেলস্টেশনে যাত্রী চরম যাত্রী ভোগান্তি সৃষ্টি হয়েছে।

অনেকে নারী-শিশুদের নিয়ে স্টেশনে এসে টিকিট ফেরত দিয়ে ফিরে গেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিট থেকে বিকেল পর্যন্ত সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ঢাকাগামী কালনি এক্সপ্রেস ৬ টা ১৫ মিনিটে নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি। এতে বিপাকে পড়েছেন সিলেটের হাজারখানেক যাত্রী।

কালনি এক্সপ্রেসের যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও রেলওয়ে কর্তৃপক্ষ তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে। সকাল থেকেই সিলেট রেলওয়ে স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। সকাল সোয়া ১০টায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ও সকাল সাড়ে ১১টায় আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা থাকলেও কর্মবিরতির কারণে ছেড়ে যায়নি।

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়। প্রতিদিন সিলেট থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী মোট ছয়টি ট্রেন চলাচল করে। তবে কর্মবিরতির কারণে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। কোনো সমাধান না হলে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছি। সমস্যা সমাধানে কেন্দ্রীয়ভাবে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে সকাল থেকে সিলেট রেল স্টেশন হতে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

রানিং স্টাফদের দাবি পূরণ ও রেল চলাচল শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছেন যাত্রীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *