মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার লালারচক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটককৃতরা হলেন-মো. মফিজুর রহমান চৌধুরী (৫০), মো. সেলিম ফকির (৩০), মো. সাগর শেখ (১৭), মো. লিটন মোল্লা (২৫), মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার তালহা (২)। তারা সকলেই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে লালারচক এলাকার মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়িতে লালারচক বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রেরণের জন্য ৮ জন বাংলাদেশি নাগরিককে তার বাড়িতে পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারী ওয়াসকুরুনীর কথা মতো তার বাড়িতে অবস্থান নেয়। ঘটনাস্থলে ওয়াসকুরুনীকে পাওয়া না গেলেও তাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরও রাতে থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, আটককৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *