বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আসন্ন ঈদুল আজহার আগে এই কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।
শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাত পৌনে ৯টার দিকে বৈঠকটি শুরু হয়।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে মির্জা ফখরুল বলেন, দলের নিয়মিত কার্যক্রম সচল রাখা এবং সরকারের গত ৪৭ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, দলের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে কীভাবে দ্রুত জাতীয় কাউন্সিল আয়োজন করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
কোরবানির ঈদের আগে কাউন্সিল অনুষ্ঠিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, “ঈদের আগে কাউন্সিল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের অন্তত কয়েক মাস সময় প্রয়োজন।”
এ সময় তিনি আরও নিশ্চিত করেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
দলীয় সূত্র জানায়, বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সশরীরে উপস্থিত ছিলেন।
এছাড়া নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন।
