মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুপুরবেলা এক ব্যবসায়ী ও তার মেয়ের ওপর সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাদের গলায় দা চেপে ২ লাখ টাকা ও স্বর্ণের গহনা ছিনিয়ে নিয়েছে। বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা পৌরসভার ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে নিয়ে পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চড়ে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া গ্রামে আতাউর রহমানের বাড়ির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল আটকায় এবং খসরু ও তার মেয়ের গলায় দা চেপে ধরে। ভয় দেখিয়ে তারা সুহাদার ব্যাগ থেকে ২ লাখ টাকা এবং তার পরিহিত স্বর্ণের চেইন ও আংটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহাদের ভাতিজা রেদওয়ান আহমদ বলেন, *”ব্যাংক থেকে টাকা তুলে তারা বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের ঘিরে ধরে টাকা ও গহনা ছিনিয়ে নেয়। এই ঘটনায় পরিবারটি এখন আতঙ্কিত।”*
ঘটনাটি জানাজানি হওয়ার পর বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, *”ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”*
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
