সিলেটে দুই সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দেশী হাঁস-মুরগিসহ ব্রয়লারের দাম বেড়েছে ৬০-৭০ টাকা। দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গতকাল বুধবার সরেজমিনে সিলেটের একাধিক বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকায়। পনের দিন আগে দাম ছিল ২১০-২২০ টাকা। একইভাবে সোনালি মুরগি ৩৫০-৩৭০ টাকা, দেশী মুরগি ৬০০-৬৫০ টাকা ও লেয়ার মুরগি ৭০০-৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও দেশী হাঁস প্রতি পিস ৬০০ টাকা, চিনা হাঁস এক হাজার ২০০ টাকা, রাজাহাঁস এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

পাঠানটুলা (মদিনা মার্কেট) বাজারে আসা রিয়াজ আলী নামের এক ক্রেতা জানান, ১৫ দিন আগে ২২০ টাকা কেজিতে মুরগি কিনি। আজ দেখি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক থেকে দেড় কেজি ওজনের মুরগি কিনতে রোজা রেখে বাজারে এসেছিলাম। কিন্তু বাজারে মুরগির যে দাম তাই তেলাপিয়া মাছ কিনে বাড়ি যাচ্ছি।

করিম মিয়া নামের এক রিকশাচালক বলেন, রিকশা চালিয়ে কোনো রকম ৫০০ টাকা রোজগার করেছি। সেই টাকা দিয়ে মুরগি কিনতে বাজারে এসেছিলাম। কিন্তু বাজারে সব কিছুর দাম বেশি।

মুরগী ব্যবসায়ী আলেক মিয়া বলেন, প্রতি কেজি ব্রয়লার ২৫০-২৬০ টাকায় বিক্রয় করছি। তবে আরও দাম বাড়তে পারে। ফার্মের মালিকদের নিকট থেকে আমরা চাহিদা মতো ব্রয়লার পাচ্ছি না। দামটাও বেড়েছে। বেশি দাম দিয়ে কিনলে বেশি দামে বিক্রয় করতে হয়।

স্থানীয় এক পোল্ট্রি ফার্ম মালিক বলেন, সোনালী, লেয়ার মুরগি এবং দেশী হাঁস-মুরগির দাম বেড়েছে। দাম বাড়লে বিক্রি কমে যায়। তবে মুরগির চাহিদা বেশি থাকায় বাজারে এসবের দাম বেশি।

এদিকে ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা জানানা, প্রতি বছরের মতো এবারও রমজানকে সামনে রেখে একটি চক্র দাম বাড়ানোর পাঁয়তারা করছে। আমরা বাজার মনিটরিং করছি। কেউ যদি বাজারে কোনো পণ্য সংকট তৈরি করে দাম বাড়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *