জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা তোমাদের হাতে ঐক্যবদ্ধ জাতি তুলে দিতে চাই। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান একসাথে বসবাস করবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। সকল মানুষকে সম্মান ও ভালোবাসতে হবে। আমরা সম্প্রীতি, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও শোষণমুক্ত বাংলাদেশ চাই।’

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর নেছারাবাদের ছারছিনা দরবার শরীফে আগমন উপলক্ষে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মাওলানা মো. দেলাওয়ার হোসাইন সাঈদীসহ হাজার হাজার মানুষকে জুলুম নির্যাতন করে মারা হয়েছে। অনেক মানুষকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে। দেশের আঠারো কোটি মানুষের চোখের জলে মহান আল্লাহ সাড়া দিয়ে আমাদের মুক্ত করেছেন। আজ আমরা মুক্ত বাতাসের স্বাদ নিতে পারছি। আমরা স্বাধীন।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্যাতিত মানুষের রক্তে ‘২৪ বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের ডাকে সাড়া দিয়ে আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪ বিপ্লব আমাদের সবার অংশগ্রহণে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। কেউ চিরতরে পঙ্গু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এ দেশ হবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোনো রক্তপাত দেখতে চাই না। যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষে দেশটা হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি।’

পথসভা শেষে তিনি নেছারাবাদ উপজেলার ঐতিহাসিক ছারছীনা দরবারে গিয়ে মাজার জিয়ারত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *