বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর উক্তি ও ব্যঙ্গচিত্র কার্টুন প্রচারের অপরাধে সুনামগঞ্জে ১১ জনের নামে মামলা হয়েছে। আসামিরা সকলে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের নেতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাতক উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন বাদী হয়ে গত বুধবার (২০ আগস্ট ২০২৫) ছাতক আমল গ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা করেন (সি.আর মামলা নং-৪৫৪/২৫)।
সুনামগঞ্জের আমলী আদালত ছাতক- এর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিম মামলাটি গ্রহণ করে পিবিআই সিলট-কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মঈনপুর গ্রামের মোঃ সালাহ উদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম (২৮) ও একই উপজেলার কাটাশলা গ্রামের আব্দুল হাসিমের ছেলে ছাত্রলীগ নেতা সুমন মিয়া (২৫), মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তারাদরম গ্রামের তছলিম উদ্দিনের ছেলে ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি মিজানুর রহমান (৩৪), সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পশ্চিমপার গ্রামের আতিকুর রহমানের ছেলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক শিবির নেতা ও অনলাইন এক্টিভিষ্ট হাবিবুর রহমান (৩৫) ও একই উপজেলার টেকইকোনা গ্রামের ফখরুল ইসলামের ছেলে বিয়ানীবাজার কলেজ শাখার শিবিরের সাবেক প্রচার সম্পাদক ও অনলাইন এক্টিভিষ্ট ও শিবির নেতা সাইফ উদ্দিন (২৪), ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার রাধানগর গ্রামের মোঃ কামরুল জামানের ছেলে কুমিল্লা উত্তর জেলার হোমনা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সজিব রানা (২৬), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লক্ষমসোম গ্রামের মৃত মখদ্দুছ আলীর ছেলে ছাতক উপজেলা ছাত্রশিবিরের সাবেক প্রচার সম্পাদক, অনলাইন এক্টিভিষ্ট শাকিকুর রহমান সাকিব (২৮), মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঠালতলী (উত্তরভাগ) গ্রামের মৃত মোঃ ইসহাক আলীর ছেলে ছাত্রলীগ ৮নং দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি হোসাইন আহমদ (২৭), সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নওয়াগ্রাম পূর্ব মুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে তৈয়বুন নেছা সরকারি কলেজ এর ছাত্রশিবিরের কলেজ শাখা সাবেক সভাপতি, অনলাইন এক্টিভিষ্ট আবুল কালাম আজাদ (২৭) ও একই উপজেলার দক্ষিণ দুবাগ গ্রামের মোস্তফা আহমদ চৌধুরীর ছেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখা সাবেক অর্থ-সম্পাদক, অনলাইন এক্টিভিষ্ট মোস্তাফিজুর রহমান চৌধুরী (৩০) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরদুর্লভ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক সদস্য ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা সাবেক সভাপতি, অনলাইন এক্টিভিট কামরুল ইসলাম (২৮)।
আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, বিগত ২৫ মার্চ ২০২৫ থেকে ০২ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখের বিভিন্ন সময়ে আসামিরা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তাদের নিজস্ব ফেইসবুক আইডি হইতে বিভিন্ন মানহানিকর উক্তি ও ছবি বিকৃতিত করে পোস্ট করেছেন। আসামিগণের এহেন অন্যায় কাজে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর হাজার হাজার কোটি টাকার মান হানি হইয়াছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজমল হোসাইন। তিনি (২২ আগস্ট ২০২৫) সন্ধ্যায় বলেন, আসামিরা পৃথক পৃথকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানিকর উক্তি ও ব্যঙ্গচিত্র কার্টুন প্রচার করেন বলে বাদী অভিযোগে উল্লেখ করেছেন।
