জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের শুভ সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে পদ্মাপাড়ের দলটি। রাজশাহীর জয়ের নায়ক ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি খেলেন দুর্দান্ত এক সেঞ্চুরি ইনিংস। তাকে দারুণভাবে সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, যিনি তুলে নেন ফিফটি।

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। দলীয় ১৯ রানে ওপেনার তানজিদ হাসান তামিম ৮ বলে ১০ রান করে আউট হন। এরপর শাহিবজাদা ফারহানকে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেন শান্ত। ৪৩ রানের জুটি গড়ে ১৯ বলে ২০ রান করে ফিরেন ফারহান। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন রাজশাহী অধিনায়ক।

ধীরে ধীরে আগ্রাসী হয়ে ওঠা শান্ত ৩৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ফিফটি পূর্ণ করেন। এরপর আরও মারকুটে হয়ে ওঠেন তিনি। মুশফিকের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে রাজশাহীকে জয়ের পথে নিয়ে যান শান্ত। শেষ পর্যন্ত ৫৮ বলে ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করে ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। এটি টি-টোয়েন্টিতে শান্তর তৃতীয় এবং বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বিপিএলে দুটি করে সেঞ্চুরি আছে কেবল তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমের।

মুশফিকুর রহিম ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১ রান করেন। ২ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটের পক্ষে খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ফিফটিতে ১৯০ রানের সংগ্রহ পায় সিলেট টাইটান্স। ইমন ৩৩ বলে ৫ ছক্কা ও ৪ চারে অপরাজিত ৬৫ রান করেন। এছাড়া রনি তালুকদার ৪১, আফিফ হোসেন ৩৩ এবং সাইম আইয়ুব ২৮ রান যোগ করেন। রাজশাহীর হয়ে নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে ৩৮ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন। বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে দুপুর ১টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্স মুখোমুখি হবে নবাগত নোয়াখালি এক্সপ্রেসের।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *